ইসলামী গুরু (islami Guru)

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

Sunday, February 10, 2019

আলিমদের ভুল এবং আমাদের ভুলগুলো

আলিমদের কোনো কথা ও কাজে ভুল দেখা গেলে অন্য আলিমরা সেই ভুলের ওজন ও মেরিট বুঝতে পারেন। তাই তারা ভুলের সমালোচনায় ভারসাম্যপূর্ণ শব্দ ব্যবহার করেন। অসম্মানজনক কোনো কথা বলেন না, গালিগালাজ করার তো প্রশ্নই আসে না। এমনকি তারা সালাফদের নীতি অনুসরণে ভুল করা ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনাও করেন।

কিন্তু আমাদের কিছু অতিউৎসাহী কিছু ভাই আলিমদের কোনো কথা ও কাজে ভুল পেলেই তাকে একহাত নেয়া শুরু করেন। চরমভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন এবং অসম্মান করেন। এমনকি একটি দুটি ছোটখাটো ভুলের কারণে তার সকল অবদানকে অস্বীকার করে সালাফী মানহাজ থেকে বের করে দেয়া হয়। এটি সালাফী মানহাজের বিশালতা ও ব্যাপ্তি সম্পর্কে অজ্ঞতার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়।

ভুলকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার মৌলিক কারণ দুটি:
এক. ভুল করা আলিমের ভুলের ওজন বা পরিমাণ পরিমাপ করতে না পারা (ফলে তিলকে তাল মনে করে আদালত বসিয়ে রায় লেখা শুরু করেন);
দুই. আলিমদের সমালোচনায় সালাফদের রীতিনীতি না জানা (ফলে নিজেকে সালাফদের অনুসারী দাবী করেও সালাফদের নীতিবিরুদ্ধ কাজ করে ফেলেন)।

ইলমের স্বল্পতার কারণে ভুলকে সঠিকভাবে পরিমাপ করতে ভুল হয়। ফলে আরেকজনের ভুল ধরতে গিয়ে নিজেই ভুলের মধ্যে পড়ে যায়। যারাই ইলম বাড়ানোর প্রচেষ্টা না করে আলিমদের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তাদেরকে ইলমের বরকত থেকে মাহরুম করেন।

কতই না ভালো হতো যদি তারা যতটা সময় অন্যের দোষ খোঁজার পেছনে ব্যয় করে সেই সময়টা ইলম অর্জনের পেছনে ব্যয় করতো! তাহলে তারা বুঝতো যে, আলিমদের পেছনে লাগার মধ্যে ক্ষতি ছাড়া কোনো কল্যাণ নেই।

আলিমদের ভুল ধরা সাধারণ মানুষদের কাজ না। এটি নিয়ে ফেসবুকে কিংবা মাঠে-ময়দানে প্রচার-প্রচারণা চালানো তো কখনই উচিত নয়। উল্লেখযোগ্য কোনো ভুল চোখে পড়লে বিজ্ঞ আলিমদের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু নিজে নিজে একটা রায় লিখে প্রচার করা সালাফদের নীতি নয়।

মনে রাখা ভালো হবে, কারো ভুল ধরতে পারা বা সমালোচনা করার মধ্যে বিশেষ কোনো ফযীলত নেই কিন্তু ভুল ধরতে গিয়ে ভুল করলে গুনাহ ছাড়া কিছুই আমলনামায় যোগ হবে না।

আমরা যারা এগুলো করি তাদের উচিত আল্লাহকে ভয় করা, ইলম অর্জনে মনোনিবেশ করা, নিজের গুনাহের জন্য ইস্তিগফার করা, যার ভুল চোখে পড়েছে তার জন্য ইস্তিগফার করা, সর্বোপরি নিজের জন্য হিদায়াত ও ইস্তিকমাত (দীনের ওপরে দৃঢ়তা) কামনা করা।

No comments:

Post a Comment